নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি। একইসঙ্গে কৃষি সংক্রান্ত আরও একগুচ্ছ এজেন্ডা। নয়াদিল্লির যন্তরমন্তরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভেরও দাবি। ক্যানসার আক্রান্ত প্রবীণ কৃষক নেতা অনশনরত জগজিৎসিং দাল্লেওয়ালের দাবিদাওয়া মেনে নেওয়ার জন্য বিজেপি সরকারের উপর চাপ বৃদ্ধি। যাবতীয় ইস্যুতেই সোমবার পাঞ্জাব জুড়ে ন’ঘণ্টার বনধ ডেকেছিলেন আন্দোলনকারী কৃষক নেতারা। এদিনের কর্মসূচি শেষে তাঁরা দাবি করেছেন যে, রাজ্যব্যাপী ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। আর এই প্রেক্ষিতেই তাঁরা নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। জানা যাচ্ছে, এবার আন্দোলনকারী কৃষকদের ভাবনায় রয়েছে সারা দেশেই বনধ পালনের কর্মসূচি গ্রহণ করার। আগামী ৪ জানুয়ারি পাঞ্জাব এবং হরিয়ানার সীমানা এলাকা খানাউরিতে মেগা কিষান মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। কিষান মোর্চা সূত্রে জানানো হয়েছে যে, ওই সমাবেশেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে, আগামী ৩ জানুয়ারি এমএসপি ইস্যুতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কথা বলবে সুপ্রিম কোর্ট নিযুক্ত উচ্চ পর্যায়ের প্যানেল।



