Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার বাটার নিউল্যান্ড ময়দানের শোভা বাড়াবে ১১১ ফুট লম্বা সরস্বতী প্রতিমা

এবার বাটার নিউল্যান্ড ময়দানের শোভা বাড়াবে ১১১ ফুট লম্বা সরস্বতী প্রতিমা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: অভিনব সরস্বতী প্রতিমা নিয়ে এবার জোরদার চমক দিতে চলেছেন মহেশতলা বাটার নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা। ১১১ ফুটের, প্রায় দশতলার সমান, আকাশছোঁয়া সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। লোহার পাইপের কাঠামোর উপর থার্মোকল ও চট দিয়ে প্রতিমা গড়ে তুলছেন শিল্পী। তার কাজও শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার বাঁশ, বড় বড় বস্তাতে থার্মোকল ছাড়াও লোহার পাইপ এনে স্তূপ করা হয়েছে নিউল্যান্ড ময়দানে।
Advertisement
উদ্যোক্তাদের দাবি, ইতিপূর্বে এত উঁচু সরস্বতী প্রতিমা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করছেন তাঁরা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি। অন্যতম পুজো উদ্যোক্তা, মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা বলেন, প্রতিমার মূল কাঠামোকে চারপাশ থেকে ঘিরে দশতলা সমান উঁচু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে। তার ভিতর থাকছে লোহার পাইপ দিয়ে তেরি কাঠামো। ফলে যদিও কখনও ঝড় হয়, তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনও অবকাশ নেই। বলা যায়, সব দিক বেঁধে আমরা এই আয়োজন করেছি।
গোপালবাবু বলেন, নিউল্যান্ড ময়দানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। সেই কারণে এই স্থানটি নির্বাচন করা হয়েছে, যাতে এত উঁচু সরস্বতী প্রতিমা দেখার জন্য প্রচুর জনসমাগম হলেও ঠেলাঠেলি না হয়। সেইভাবেই দর্শনের জায়গাও করা হচ্ছে। এমনিতে নিউল্যান্ড ময়দানে দু’টি আলাদা সরস্বতী পুজো হতো। এবার সকলে এক হয়ে এই বড় পুজো করছেন। কাউন্সিলার বলেন, এখনকার নবপ্রজন্ম, বিশেষ করে ১৮ থেকে ২০ বয়সের যুবক-যুবতীরা সরস্বতী পুজো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সবাই মুঠোফোনে এতটাই আসক্ত হয়ে গিয়েছেন যে, পুজোর প্রতি আগ্রহ নেই। এই নবপ্রজন্মকে সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত করতেই আমাদের এমন অভিনব প্রয়াস। 
সম্পর্কিত সংবাদ