নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এদেশে কোনও পণ্যের গুণমান নির্ধারণ এবং তা যাচাইয়ের অধিকার রয়েছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের আওতাধীন ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর। দেশের কয়েক হাজার পণ্য বিআইএসের স্বীকৃতি পেয়েছে। কিন্তু এদের মধ্যে প্রায় ৬৫০টি পণ্য আছে, যেগুলি উৎপাদনের ক্ষেত্রে বিআইএসের তরফে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। বছরে দু’বার যেমন সেসব কারখানা থেকে পণ্যের নমুনা সংগ্রহ করার কথা, তেমনই বাজার থেকে পণ্য কিনেও তার গুণমান যাচাই করার কথা বিআইএস কর্তৃপক্ষের। কিন্তু এই কেন্দ্রীয় দপ্তরের নিজস্ব পরীক্ষাগার সংক্রান্ত পরিকাঠামোয় ঘাটতি রয়েছে। তাই নতুন প্রকল্প এনেছে তারা। বিআইএসের কলকাতা ব্রাঞ্চ অফিসের (ওয়ান ) প্রধান সব্যসাচী ধর জানিয়েছেন, তাঁরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে তাঁদের ‘ল্যাবরেটরি রিকগনিশন স্কিম’-এর আওতায় আসার সুযোগ করে দিচ্ছেন। তাঁর কথায়, ‘বেসরকারি শিল্প সংস্থার অনেকেই নিজেদের জন্য পরীক্ষাগার চালু রাখে, যেখানে তারা নিজেদের পণ্যের মান যাচাই করে। তারা চাইলে আমাদের এই প্রকল্পের আওতায় আসতে পারে। সেক্ষেত্রে আমরাও ওই পরীক্ষাগারে পণ্যের নমুনা পরীক্ষা করতে পারব। এর মাধ্যমে শিল্প সংস্থাগুলি বাড়তি আয়ও করতে পারবে।’



