নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মহকুমার পর এবার বনগাঁয় ‘গায়েব’ রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট্যাবের টাকা। বনগাঁর দু’টি স্কুলের মোট ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা ঢোকেনি বলে অভিযোগ। যদিও ওই দুই স্কুলেরই অন্যদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে। ফলে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই দুই বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাদপ্তর, ব্যাঙ্ক ও বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিস। ট্যাব কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে দেয় শিক্ষাদপ্তর। কিন্তু অভিযোগ, সেই টাকা অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে জমা হচ্ছে ভূতুড়ে অ্যাকাউন্টে। হাবড়া-অশোকনগরের পর এই ঘটনা সামনে এল বনগাঁ শহরের দুটি স্কুলে। শহরের কবি কেশবলাল উচ্চ বিদ্যাপীঠের ২২ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। একইভাবে শহরের শক্তিগড় হাই স্কুলের ছয়জন পড়ুয়ার অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি।
Advertisement
কেশবলাল উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দেবরাজ সরকার বলেন, বিষয়টি নজরে আসতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে শিক্ষাদপ্তরে জানানো হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলেই আমরা আশাবাদী। ওই স্কুলেরই একাদশ শ্রেণির ছাত্র মহীতোষ মণ্ডল বলে, ব্যাঙ্কের পাস বই আপডেট করেছি। কিন্তু সরকারের ট্যাবের টাকা ঢোকেনি। প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছি। আর শক্তিগড় হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী রিয়া পোদ্দার বলে, আমার অ্যাকাউন্টেও টাকা আসেনি। বিষয়টি বিদ্যালয়ে জানিয়েছি। আশা করছি দ্রুত টাকা আমরা পাব।



