Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার আলিপুরদুয়ারের বাটা মোড়ে ফ্লাইওভারের দাবি তুলল শিক্ষা সেল  

এবার আলিপুরদুয়ারের বাটা মোড়ে ফ্লাইওভারের দাবি তুলল শিক্ষা সেল
 
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বীরপাড়া ও কামাখ্যাগুড়ি রেল গেটে দীর্ঘদিনের যানজটের সমস্যা কাটতে চলেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই জেলার ওই দুই রেল গেটে আরওবি নির্মাণে ছাড়পত্র দিয়েছে। এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক শিক্ষা সেল ব্যস্ততম কোচবিহার-ফালাকাটা রোডে জেলা সদরের বড়বাজার সংলগ্ন বাটা মোড়ে ফ্লাইওভারের দাবি তুলল। এই দাবিতে তৃণমূলের শিক্ষা সেল রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইককে দাবিপত্র দিল। 
Advertisement
ট্রেন চলার সময় জেলা সদরের বাটা মোড়ে রেল গেট বন্ধ থাকার সময় গেটের দু’পাশে আটকে পড়া যানবাহনের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে কোচবিহার মেডিক্যাল বা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার হওয়া মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স ওই রেল গেটে দীর্ঘক্ষণ আটকে পড়ে। আবার একইভাবে ফালাকাটা বা আলিপুরদুয়ার-১ ব্লকের বিস্তীর্ণ অংশ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালগামী অ্যাম্বুলেন্সও বাটা মোড়ের রেল গেটে দীর্ঘক্ষণ আটকে পড়ে। বাটা মোড়ের রেল গেটে ফ্লাইওভার হলে দীর্ঘদিনের এই যানজট সমস্যা কেটে যাবে। রেল গেট বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শহরের ১, ৮, ৯, ১০ ও ১১ নম্বর এই পাঁচটি ওয়ার্ডের বাসিন্দাদের। বাটা মোড়ে ফ্লাইওভার হলে পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারাও উপকৃত হবেন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সেলের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের দাবি, রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক রাজ্যসভায় সরব হওয়াতেই বীরপাড়া ও কামাখ্যাগুড়ি রেল গেটে আরওবি তৈরি হতে চলেছে। আমাদের দাবি, সাংসদ এবার রাজ্যসভায় জেলা সদরের বাটা মোড়ে ফ্লাইওভারের দাবিতে আওয়াজ তুলুক। সেই দাবিতেই সংগঠনের তরফে তাঁকে দাবিপত্র দেওয়া হয়েছে। 
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, রাজ্য সরকার বীরপাড়া ও কামাখ্যাগুড়ি রেল গেটে আরওবি তৈরির ছাড়পত্র দিয়েছে রেলকে। জেলা সদরের বাটা মোড়ে ফ্লাইওভারের জন্য দলের শিক্ষক সংগঠনের দাবিপত্র পেয়েছি। এবার রাজ্যসভায় অবশ্যই এই ফ্লাইওভারের দাবি তুলব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ