আমেরিকা- ২ : বসনিয়া- ০
আমেরিকা- ২ : বসনিয়া- ০
সান ফ্রান্সিসকো: ম্যাচ শেষে মাঠে নেমে পাগলের মতো সতীর্থ মালিক টিলম্যানকে খুঁজে বেড়ালেন ফোলারিন বালোগান। কে বলবে, তিনি না থাকলে হয়তো ঘরের মাঠে বিশ্বকাপের বিদায়ও ঘটতে পারত আমেরিকার। আর তাতে গোটা দেশবাসীর কাছে ভিলেন হতে পারতেন বালোগান। বৃহস্পতিবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করল আমেরিকা। ম্যাচে গোল পেলেও লাল কার্ড দেখে দলকে চাপে ঠেলে দিয়েছিলেন বালোগান। তবে শেষ পর্যন্ত টিলম্যানের গোলে জয় নিশ্চিত করে আমেরিকা। আর তাতেই হাফ ছেড়ে বাঁচেন তিনি। আসলে ম্যাচের ৬৪ মিনিটে বিপক্ষ ফুটবলারকে পিছন থেকে ট্যাকল করায় লাল কার্ড দেখতে হয় বালোগানকে। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় জোর চর্চা। চলতি বিশ্বকাপের গ্রুপে আলজেরিয়ার বিরুদ্ধে এমনই ফাউল করেছিলেন লায়োনেল মেসি। কিন্তু আর্জেন্তাইন মহাতারকা ছাড় পেয়ে যান। তাহলে বালোগান কেন নয়? উত্তর খুঁজে পাওয়ার আগেই ফ্রি-কিক থেকে আসাধারণ লক্ষ্যভেদে মার্কিন মুলুকের জয় নিশ্চিত করেন টিলম্যান। ২০০২ সালের পর নক-আউটে প্রথম জয়ের আনন্দে ঢাকা পড়ে যায় বালোগানের লাল কার্ড।
বসনিয়ার বিরুদ্ধে শুরু থেকেই অধিপত্য ছিল মরিসিও পোচেত্তিনো ব্রিগেডের। তার মধ্যে সব থেকে উজ্জ্বল দেখাছিল বালোগানকে। মার্চিং অর্ডার পাওয়ার আগে পর্যন্ত বসনিয়ার গোলমুখে ৪টি শট নেন তিনি। এর মধ্যে একটি লক্ষ্যভেদ। এদিকে, বালোগান লাল কার্ড দেখায় বিপাকে একটি নামী পিৎজা প্রস্তুতকারক সংস্থা। প্রতিযোগিতা শুরু আগে তারা ঘোষণা করেছিল, আমেরিকার কোনো ফুটবলার লাল কার্ড দেখলে ১০ লক্ষ ডলার মূল্যের পিৎজা বিনামূল্যে বিতরণ করা হবে। কথা মতো, এবার তা পূরণ করতে হবে তাদের।