নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গলের মহিলা দল। কিশোর ভারতী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসি। কোয়ার্টার-ফাইনালে যেতে গেলে এই ম্যাচ জিততে হবে অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেডের। কারণ, এপ্রিল টোয়েন্টি ফাইভ গ্রুপ পর্বের দু’ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর শেষ ম্যাচ হেরে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মশাল বাহিনী। তবে হো চি মিন সিটি বনাম হনচিওন কেএসপিও ও ম্যাচ ড্র হলে বা হো চি মিন সিটি জিতলে ইস্ট বেঙ্গল এই ম্যাচে ১ পয়েন্ট পেলেও নক-আউটে পৌঁছাবে। লাল-হলুদ ব্রিগেডের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন ফাজিলা। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন নাইজেরিয়ার স্ট্রাইকার। শেষ দু’টি ম্যাচে তিনটি লক্ষ্যভেদের সুবাদে শীর্ষ গোলদাতার দৌড়ে রয়েছেন তিনি। তবে রক্ষণ ভাবাচ্ছে কোচ অ্যান্ড্রুজকে। শেষ ম্যাচে হনচিওন কেএসপিও বিরুদ্ধে ৪ গোল হজম করতে হয়েছিল মশাল বাহিনীকে। তবে ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া সুলঞ্জনারা।
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। সম্প্রচার ফ্যানকোডে।



