নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন নাওরেম মহেশ সিং। কবে মাঠে ফিরবেন তিনি? এমআরআই করানো হয় তাঁর। সূত্রের খবর, পুরোদস্তুর ফিট হয়ে মাঠে ফিরতে একমাস গড়িয়ে যেতে পারে! ফর্মে থাকা মহেশ না থাকলে তা বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের। আগামী ১৬ ফেব্রুয়ারি আইএসএলে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে আয়োজিত ম্যাচে দুই গোলদাতা বিষ্ণু ও জয় গুপ্তা। তবে প্র্যাকটিস ম্যাচে জয় নিয়ে ভাবতে নারাজ স্প্যানিশ কোচ। বরং কম্বিনেশন নিয়েই চিন্তিত তিনি। চোটের কারণে নাওরেম মহেশকে পাননি অস্কার। ছিলেন না সিবলে, রশিদ ও গিলও। ১৩ ম্যাচের লিগে চোট-আঘাত আসতেই পারে। সেক্ষেত্রে কীভাবে ড্যামেজ কন্ট্রোল সম্ভব? তারই মহড়া সারলেন লাল-হলুদ কোচ। কখনও আনোয়ার আলিকে রাইট-উইং ব্যাকে খেলালেন তিনি। কখনও মাঝমাঠে সাউল ও জিকসনকে ডাবল পিভট হিসাবে খেলানো হয়। উইং হাফের ভূমিকায় বেশ নজর টানেন এডমুন্ড লালরিনডিকা।



