শিবাজী চক্রবর্তী, কলকাতা: দ্রুত ষষ্ঠ বিদেশি সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল। পোল্যান্ডের লুকাস জোলিনিস্কির সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে লাল-হলুদের। সই না হলেও এই পোলিশ ফুটবলারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী থিঙ্কট্যাঙ্ক। চলতি মরশুমে পোল্যান্ডের টিয়ার টু’র ক্লাব সাকারাস্পোরে খেলেছেন তিনি। ৩৩ বছর বয়সি এই স্ট্রাইকার ছয় ফিটের উপর লম্বা। হেডিং বেশ শক্তিশালী। পোল্যান্ডে লিগে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ংয়ের বিষয়ে এখনও আশা ছাড়েনি ইস্ট বেঙ্গল। পাসপোর্ট সমস্যায় তাঁর কলকাতায় আসা নিয়ে জটিলতা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে ৫ বিদেশি সই করিয়েছে ইস্ট বেঙ্গল। ক্রোট স্টপার জিভুলিচ লাল-হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায়। রামিরেজ, রশিদ, ইকোনমিডিস ডুরান্ড কাপে খেলেছেন। আইভরি কোস্টের ইকা লোবা এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই এসিএল টু’য়ে জর্ডনের আল হুসেইনির বিরুদ্ধে আপফ্রন্টে ভারতীয় ফুটবলাররাই ভরসা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জেসিন , এডমুন্ড, ডেভিডদের কঠিন পরীক্ষা।



