ইস্ট বেঙ্গল-৫ : পাঠচক্র-১
ইস্ট বেঙ্গল-৫ : পাঠচক্র-১
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাল-হলুদ— কেবল একটা রঙ নয়। আবেগ, ইতিহাস, প্রজন্মের পর প্রজন্মের বিশ্বাস। ১৯২০ সালের ১ আগস্ট যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল তা আজ ১০৭ বছরের মহীরুহ। প্রতি বছরের ন্যায় আগামী ১ আগস্ট নজরুল মঞ্চে বিকেল ৫টা থেকে ধূমধাম করে পালিত হবে ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেখানে বড় চমক ভারত গৌরব পুরস্কারে। অনুষ্ঠান মঞ্চে এবার শুধু খেলোয়াড়দের নয়, সম্মান জানানো হচ্ছে নানা জগতের বিশিষ্টদেরও। প্রখ্যাত অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সুরকার প্রীতম চক্রবর্তীকে এই বিশেষ সম্মানে ভূষিত করবে লাল-হলুদ ক্লাব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।
চমক আরও বাকি। এবারই প্রথম সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের হাতে। এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড পাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। পাশাপাশি নসা সেন নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাচ্ছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জী ও তরুণ দে। বনোয়ারীলাল নামাঙ্কিত ছেলেদের বিভাগে বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি। কোচ আন্তোনিও হাবাসের সঙ্গে ইস্ট বেঙ্গলের ফুটবলাররাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেরা উদীয়মান ফুটবলার এডমুন্ড লালরিনডিকা। সেরা কোচ বিনো জর্জ। সেরা সাপোর্টারের সম্মান পাচ্ছেন গায়ক মনোময় ভট্টাচার্য, ঋজু দাস, কল্পনা চক্রবর্তী ও শ্যামল মজুমদার।
এদিকে, প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মঙ্গলবার কলকাতা লিগেও ফুল ফোটাল ইস্ট বেঙ্গল। ক্লাবের মাঠে পাঠচক্রকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অর্চিস্মান বিশ্বাসের দল। জোড়া গোলে ম্যাচের সেরা আকাশ হেমব্রম। বর্ধমানের এই তরুণ প্রতিভা হ্যাটট্রিকও পেতে পারতেন। তবে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ তিনি। ফিরতি বল জালে ঠেলেন মহম্মদ বিলাল। অপর দু’টি গোল উত্তম হাঁসদার। আর পাঠচক্রের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন শৌভিক অধিকারী।