৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই ওমান পৌঁছাল ইস্ট বেঙ্গল
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিশন আল সিব। এসিএল টু’য়ের ম্যাচ খেলতে ওমান পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। ২৪ ঘণ্টা আগে পুনের বালওয়াড়ি স্পোর্টস কমপ্লেক্সে আইএসএলের ম্যাচ খেলেছে হাবাস ব্রিগেড। ম্যাচের পর রাতেই মুম্বই পৌঁছে যান রশিদরা। বাণিজ্যনগরী থেকে দুপুরের ফ্লাইটে ওমানে পা রাখে ইস্ট বেঙ্গল। টিম-হোটেলে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। রবিবার আল সিব ম্যাচের প্রস্তুতি শুরু করবেন আন্তোনিও লোপেজ হাবাস। এর আগে মাত্র একবারই আল সিবের মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল। ১৯৯৫ সালে কোঝিকোড়ে সিজার্স কাপের সেই ম্যাচে ০-১ গোলে পরাস্ত হয় মশালবাহিনী।

Advertisement

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে ২ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ১। জর্ডনে আল হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেন আনোয়াররা। যুবভারতীতে ইরাকের আল শোর্তার কাছে ২-৩ গোলে হারের পর চাপ বেড়েছে অনেকটাই। দু’বারই লিগ নিয়ে হোঁচট খেয়েছে ইস্ট বেঙ্গল। পরের রাউন্ডে পৌঁছাতে গেলে এবার আল সিবকে হারাতেই হবে। অ্যাওয়ে ম্যাচে তাই ৩ পয়েন্ট পেতে মরিয়া হাবাস। চলতি মরশুমে দুরন্ত আপফ্রন্ট স্প্যানিশ কোচের সম্পদ। এডমুন্ড, ডেভিডদের স্পার্ক সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে। ইন্টার কাশীর বিরুদ্ধে একে লোবা গোল পাওয়ায় বৈচিত্র বাড়বেই। তারউপর মাঝমাঠে রশিদ ও রামিরেজেও ছন্দে। তবে রক্ষণ নিয়ে কাঁটার খচখচানি থাকছেই। বিশেষ করে আনোয়ার ও জিভুলিচের কম্বিনেশন এখনও তৈরি নয়। ক্রোট স্টপার জিভুলিচ বেশ শ্লথ। পাশাপাশি উইং ব্যাকের সমস্যাও হাবাসের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। হার্দিক ভাটকে খেলালেও বরিস সিংকে স্কোয়াডেই রাখেননি তিনি। আল সিবের বিরুদ্ধে লক্ষ‌্যভেদের পাশাপাশি দুর্গরক্ষা প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে, ঘরের মাঠে আল সিবও ঘুরে দাঁড়াতে মরিয়া। গ্রুপে প্রথম দুই ম্যাচেই বশ মেনেছে তারা। মরণ বাঁচন লড়াইয়ের আগে ওমানের দলও তাল ঠুকছে। ওমান লিগে দু’দিন আগেই সোহারকে হারিয়েছে আল সিব। একরাশ আত্মবিশ্বাস নিয়ে হাবাস ব্রিগেডকে টেক্কা দিতে বদ্ধপরিকর সিব।