সংবাদদাতা, দুর্গাপুর: ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে (ডিটিপিএস) উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ দেখাল বস্তিবাসীরা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি করেন তারা। এদিন বস্তিবাসীর সঙ্গে বিক্ষোভে শামিল হন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। তিনিও বস্তিবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ডিটিপিএস কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
উল্লেখ্য, দুর্গাপুর ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন করে ৮০০ মেগাওয়াটের ইউনিট তৈরির অনুমোদন দেয় কেন্দ্র। তাই কয়েক বছর ধরে সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। ডিটিপিএসের জবরদখল হয়ে যাওয়া জমি পাঁচিল দিয়ে ঘেরার কাজও শুরু হয়। জবরদখলকারীদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। বস্তিবাসীরা ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি গড়ে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় আন্দোলন করেছে।
ভূমিরক্ষা কমিটির সভাপতি অরিন্দম নায়ক বলেন, আমাদের উচ্ছেদ করলে কোথায় যাব? তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস সবাই প্রতিশ্রুতি দিয়েছিল। আজ, কেউ কথা রাখেনি। পুনর্বাসন ও ক্ষতিপূরণ না দিলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব। বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন তিনমাস সময় দেওয়া হোক। দুর্গতদের বাড়ি তৈরির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। ক্ষতিপূরণ না দিয়ে যদি উচ্ছেদ শুরু করে তাহলে বুলডোজারের সামনে নিজে দাঁড়িয়ে পড়ব। রাজ্য সরকার তাঁদের জমি দিক। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। ডিটিপিএসের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরকুমার সাহা বলেন, বস্তিবাসী আমাদের কাছে যে দাবি জানিয়েছে, সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।