নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল কোচ হিসেবে অভিষেকটা সুখের হয়নি আন্তোনিও লোপেজ হাবাসের। প্রথমবারের জন্য মর্যাদার ডার্বি হেরে মাঠ ছাড়তে হয়েছিল অভিজ্ঞ স্প্যানিয়ার্ডকে। ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ সিআইএসএফ প্রটেক্টর। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে মাঠে নামবেন আনোয়াররা। ম্যাচের দু’দিন আগে রাজারহাট নিউটাউনে সেন্টার অব এক্সেলেন্সে প্রস্তুতিতে প্রথম একাদশ কার্যত চূড়ান্ত করে ফেললেন লাল-হলুদ কোচ। গত ম্যাচের দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন হাবাস। শুরু থেকে মাঠে নামতে তৈরি দুই বিদেশি মহম্মদ রশিদ ও ড্যানি রামিরেজ। এছাড়া রক্ষণ ও আপফ্রন্টে আসতে চলেছে আরও চারটি বদল। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়া নরেন্দর গেহলট লেফট-উইং ব্যাকে শুরু করবেন। ফলে লালচুংনুঙ্গাকে সেন্ট্রাল ডিফেন্সে এনে সন্দীপ মান্ডিকে রাইট উইং-ব্যাকে খেলাতে পারেন হাবাস। এছাড়া ডার্বিতে পরিবর্ত হিসেবে মাঠে নেমে নজর কাড়া দুই কেরালাইট ফুটবলার বিষ্ণু ও জেসিনের প্রথম একাদশে ফেরার সম্ভবনা প্রবল।



