নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুরনো ও নতুন! অবাঙালি ও বাঙালি! এমন অভিনব ফর্মূলায় শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসএজডিএ) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ পূরণ করল রাজ্য সরকার। চেয়ারম্যান পদে অপেক্ষাকৃত নতুন মুখ দিলীপ দুগার ও ভাইস চেয়ারম্যান পদে বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা প্রতুল চক্রবর্তীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। ছাব্বিশের নির্বাচনের আগে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এসজেডিএ’র পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নতুন করে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।
প্রায় একবছর আগে এসজেডিএ’র চেয়ারম্যান পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরানো হয়। সেই সময়ই সংশ্লিষ্ট সংস্থার পরিচালন কমিটি ভেঙে দেওয়া হয়। পরিবর্তে এসজেডিএ’র চেয়ারপার্সন করা হয়েছিল দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েলকে। এবার এসজেডিএ’র চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন দিলীপ। তিনি অবাঙালি সমাজে পরিচিতমুখ। একদা সাংবাদিক ছিলেন। পরবর্তীতে ব্যবসা শুরু করেন। দু’বছর আগে তাঁকে এসজেডিএ’র ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছিল। সেখান থেকে সংশ্লিষ্ট সংস্থার শীর্ষপদের দায়িত্ব পেয়ে দিলীপ রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, আমাকে এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখানো পথেই সংস্থার কাজকর্ম করব।
এসজেডিএ’র ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুলবাবু। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিকদের মধ্যে একজন। একদা হাইস্কুলের শিক্ষক ছিলেন। দুর্দিনে দলের দায়িত্ব সামলেছেন। শিলিগুড়ি তো বটেই, উত্তরবঙ্গের ডানপন্থী রাজনীতিতে তিনি পরিচিতমুখ। প্রতুলবাবু বলেন, এই প্রথম এসজেডিএ’র ভাইস চেয়ারম্যান হলাম। রাজ্য সরকারের নির্দেশ মতো চেয়ারম্যান সহ সকলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠুমতো বোর্ড পরিচালনা করব।
এসজেডিএ’র পরিচালন কমিটিতে রাজ্য সরকারের এমন সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, কয়েকদিন আগে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে অবাঙালি ব্যবসায়ী সঞ্জয় টিবরেওয়ালকে বসানো হয়। এবার বাঙালি ও অবাঙালি মুখ নিয়ে এসজেডিএ’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ দু’টি পূরণ করা হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে এটা মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক বলেই মনে হচ্ছে।
এদিকে, রাজ্যের উন্নয়ন বোর্ডগুলির মধ্যে এসজেডিএ অন্যতম। ২০২২ সালের ১৪ জুন এসজেডিএ’র পরিচালন সমিতিতে সদস্য সংখ্যা ছিল ৩১ জন। চেয়ারম্যান ছাড়াও কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন তিনজন। এবার চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান ছাড়া দার্জিলিংয়ের জেলাশাসককে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সদ্য নিযুক্ত চেয়ারম্যান বলেন, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে আশা করছি।