অকল্যান্ড: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খুব কাছ থেকে দেখেছেন বিরাট কোহলিকে। তাঁর প্রচণ্ড পরিশ্রম ও নম্রতা ছুঁয়ে গিয়েছে হৃদয়। নেটে বলও করেছেন। সেই তিনিই এবার উলটো শিবিরে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের আগে রীতিমতো রোমাঞ্চিত নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘জিমে দেখা হল কোহলির সঙ্গে। দারুণ লাগল কথা বলে। ভারতে ও মারাত্মক জনপ্রিয়। সেখানে বিরাট হল মেগাস্টার। অথচ ব্যক্তিগত জীবনে একেবারে মাটির মানুষ। কোনো অহঙ্কার নেই। আরসিবি’তে যেভাবে ও সমস্ত বিদেশিদের স্বাগত জানিয়েছিল, তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই সিরিজে ওর বিরুদ্ধে খেলব ভেবেই রোমাঞ্চিত।’
আরসিবি’র নেটে বিরাটকে দেখার অভিজ্ঞতা কেমন? ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে ৪ উইকেট নেওয়া ডাফি বলেন, ‘অসম্ভব পরিশ্রমী। নেটে ওকে প্রচুর বল করতাম। কারণ, সবার আগে নেটে ওই আসত। আর আমিই ছিলাম নেটে প্রথম বোলার। তাই দু’জনে একে অন্যের বিরুদ্ধে মুখোমুখি হয়েছি অনেকবার। আমি কেমন বল করি সেটা ভালোমতো জানে বিরাট।’ একদিনের সিরিজের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ডাফি। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে পঞ্চশ ওভারের ক্রিকেট আমার খুব পছন্দের। এতে শুরুতে বল সুইং করানো যায়। সেটাই সবচেয়ে ভালো লাগে।’ উল্লেখ্য, পরের বছর দক্ষিণ আফ্রিকায় বসছে ওডিআই বিশ্বকাপের আসর। ভারতের বিরুদ্ধে এই সিরিজকে তার হোমওয়ার্ক হিসাবেই দেখছেন কিউয়ি পেসার।



