Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দেউচা-পাচামি প্রকল্পে খাসজমি হস্তান্তর করল জেলা প্রশাসন

দেউচা-পাচামি প্রকল্পে খাসজমি হস্তান্তর করল জেলা প্রশাসন
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জন্য পিডিসিএল-কে খাসজমি হস্তান্তর করল জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এর ফলে এই খনি প্রকল্পে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ পেরোল জেলা প্রশাসন। এই সরকারি জমি থেকেই আগামী ফেব্রুয়ারির শুরুতে কয়লা খনি প্রকল্পের প্রাথমিক খনন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি প্রশাসনিক বৈঠকে ফেব্রুয়ারি মাসে এই কয়লা খনি প্রকল্পের কাজ শুরু হওয়ার আভাস দিয়েছিলেন। তারপরই সরকারি জমি পিডিসিএল-এর হাতে সরকারিভাবে তুলে দেওয়া হল। 
Advertisement
মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  মহম্মদ বাজারের দেউচা পাচামি ও  দেওয়ানগঞ্জ- হরিণশিঙ্গার প্রস্তাবিত কয়লা খনি এলাকার ৮৭.৬২ একর সরকারি খাস জমি ৯৯ বছরের লিজ হিসেবে পিডিসিএল-কে হস্তান্তর করা হল। কোল ব্লক এলাকার চাঁদা, দেওয়ানগঞ্জ ও নিশ্চিন্তপুর মৌজায় মোট ১৪টি প্লটের খাসজমি লিজ দেওয়া হয়েছে।  যদিও কয়লা উত্তোলনের আগে এই এলাকায় একটি ব্যাসল্ট খনি করা হবে। কারণ এই অংশে মাটির নীচে প্রথম স্তরে বিপুল পরিমাণ ব্যাসল্ট আছে। সেই ব্যাসল্ট প্রথমে তোলা হবে। তা থেকেও রাজস্ব আসবে। পাশাপাশি একই জায়গায় আন্ডারগ্রাউন্ড কয়লা খনির কাজও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী মাসে এই খনি প্রকল্পের কাজ শুরুর যে আশ্বাস মিলেছিল মুখ্যমন্ত্রীর কথায়, তা বাস্তবায়িত হওয়ার দিকে অনেকখানি এগিয়ে গেল। খাসজমি হস্তান্তর প্রসঙ্গে বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, আজকে দেউচা পাচামি খনি প্রকল্পে ৮৭.৬২ একর খাসজমি হস্তান্তর সম্পূর্ণ হয়েছে। এই জমি ৯৯ বছরের লিজে আমাদের ভূমি সংস্কার দপ্তর অর্থাৎ প্রশাসন পিডিসিএল-কে সরকারি নথির মাধ্যমে হস্তান্তর করা হল। ফলে আমরা এই খনি প্রকল্পে আরও কিছুটা এগিয়ে গেলাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ