Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেউচা পাচামি প্রকল্পে জমিদাতা ১৮ জনকে নিয়োগপত্র, উচ্ছ্বাস

দেউচা পাচামি প্রকল্পে জমিদাতা ১৮ জনকে নিয়োগপত্র, উচ্ছ্বাস
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ফের দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে ১৮ জমিদাতার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার তাদের হাতে রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিল বীরভূম জেলা প্রশাসন। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ সিউড়িতে জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে চাকরি প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক বিধান রায়। নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতারা। 
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি দেউচা পাচামি ও দেওয়ানগঞ্জ হরিণ শিংগা কয়লাখনি প্রকল্পে প্রায় দেড় হাজার জমিদাতাকে রাজ্য সরকারের জুনিয়র কনস্টেবল পদে এবং জেলা প্রশাসনের গ্রুপ ডি পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসন প্যাকেজ অনুযায়ী জমিদাতাদের নির্ধারিত ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। এই প্রকল্পের শুরু থেকে এখনও অবধি জমিদাতাদের চাকরির নিয়োগপত্র সংক্রান্ত কাগজপত্র ১৬ লট অবধি রাজ্যের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ১৪ লট অবধি নিয়োগপত্র দেওয়া হল। ১৩ এবং ১৪ লটের কিছু নিয়োগপত্র বিভিন্ন জটিলতার কারণে আটকে ছিল। এদিন সেই জটিলতা কাটিয়ে জমিদাতাদের পরিবারের একজন করে সদস্যকে নিয়োগপত্র দেওয়া হয়। এখনও অবধি জুনিয়ার কনস্টেবল পদে ৮৮০ জন এবং প্রায় ৫৫০ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৩২টি জমিদাতা পরিবারের কোনও সদস্য ১৮ বছর বয়সের বেশি না হওয়ায় তাদের মাসিক ভাতা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ছয়টি এমন পরিবার আছে, যাদের চাকরি করার মতো কোনও সদস্য নেই। 
এদিন চাকরির নিয়োগপত্র পাওয়ার পরই সভাকক্ষেই আনন্দে মেতে উঠেন চাকরি প্রাপকরা। তাদেরই মধ্যে একজন মহম্মদ বাজার ব্লকের সালুকা গ্রামের বাসিন্দা গৃহবধূ নৌশোভা পরভিন বলেন, আমি খুব খুশি চাকরির নিয়োগপত্র পেয়ে। ভাবতে পারিনি আমরা কখনও সরকারি চাকরি পাব। এর জন্য রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসনকে ধন্যবাদ। দীর্ঘদিনের অপেক্ষার আজকে অবসান হল। এখন শুধু ভাবছি কতক্ষণে চাকরিতে জয়েন করব। 
জেলাশাসক বিধান রায় বলেন, আমরা এই প্রকল্পের পুনর্বাসন প্রকল্পের আওতায় জমিদাতাদের সরকারি চাকরির নিয়োগপত্র ধাপে ধাপে দিচ্ছি। রাজ্যের অনুমোদন পেলেই সেই নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এখনও অবধি প্রায় দেড় হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দিনেও বেশকিছু দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ