Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে বাড়ি থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত মৃতদেহ

দত্তপুকুরে বাড়ি থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত মৃতদেহ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে নিজের বাড়ি থেকে এক মিষ্টির দোকানের কর্মচারীর মৃতদেহ উদ্ধার হল। তাঁর শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিস জানিয়েছে, মৃতের নাম পরিতোষ পান্ডে (৪২)। প্রাথমিকভাবে ধারণা, পরিতোষকে কেউ খুন করেছে। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিস।
Advertisement
জানা গিয়েছে, পরিতোষ দত্তপুকুরের চালতাবেড়িয়া এলাকাতেই জমি কিনে বাড়ি করেন। স্থানীয় একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন তিনি। বিয়ে করেননি। একাই থাকতেন। রবিবার রাতেও মিষ্টির দোকানের কাজকর্ম শেষ করে বাড়িতে আসেন। সোমবার সকালে তাঁর দোকানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি না যাওয়ায় দোকান মালিক এসে দেখেন, বাড়িতে পড়ে আছে তাঁর রক্তাক্ত দেহ। পরে দত্তপুকুর থানার পুলিস এসে পরিতোষকে উদ্ধার করে নিয়ে আসে বারাসত হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দত্তপুকুর থানার পুলিস জানিয়েছে, উদ্ধার করার সময়েও পরিতোষ বেঁচেছিলেন। কিন্তু হাসপাতালে যাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, পরিতোষকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে আমরা অনুমান করছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছু তথ্য পাওয়া গিয়েছে। আশা করি দ্রুত এই মামলার কিনারা করতে পারব।
সম্পর্কিত সংবাদ