নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার থেকে ইউজিসি নেট-এর অন্যতম স্বীকৃত বিষয় হয়ে গেল আয়ুর্বেদ জীববিদ্যা বা আয়ুর্বেদ বায়োলজি। ডিসেম্বরের নেট-এ এই বিষয়টি নিয়ে পরীক্ষা দিতে পারবেন ছাত্রছাত্রীরা। এটি বিষয় হিসেবে কিছু বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই চালু রয়েছে। শরীর নিয়ে প্রাচীন আয়ুর্বেদিক তত্ত্বের সঙ্গে আধুনিক জীববিদ্যার বিভিন্ন বিষয়ের মেলবন্ধন ঘটিয়ে এর সিলেবাস তৈরি করা হয়েছে। তবে, এটিকে মূলধারার পরীক্ষায় নিয়ে আসা নিয়ে বিতর্কও হচ্ছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তরফে সর্বভারতীয় সম্পাদক তরুণকান্তি নস্কর বলেন, জীববিদ্যা গোটা বিশ্বে স্বীকৃত। আয়ুর্বেদেরও গ্রহণযোগ্যতা রয়েছে। তবে, আয়ুর্বেদ বায়োলজি নামে কোর্সের স্বীকৃতি সারা বিশ্বে কোথাও নেই। ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা ভারতীয় জ্ঞানধারা প্রকল্পের অধীনে ইউজিসি এমন কিছু কোর্স চালু করছে যা কেন্দ্রীয় সরকারের হিন্দুত্ববাদী এজেন্ডাকে স্বীকৃতি দেয়।



