Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিসেম্বরে ডেঙ্গু আক্রান্ত ১৫, বছর শেষে স্বস্তি বিধাননগরে

ডিসেম্বরে ডেঙ্গু আক্রান্ত ১৫, বছর শেষে স্বস্তি বিধাননগরে
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ২০২২ এবং ২০২৩। পরপর দু’বছর ডেঙ্গু সংক্রমণে শিরোনামে এসেছিল বিধাননগর পুরসভা। কিন্তু, চলতি বছরে প্রথম থেকেই কম ছিল আক্রান্তের সংখ্যা। বছরের শেষ মাসটি কেমন যায়, তা নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে এখনও পর্যন্ত যে হিসেবে পুরসভার কাছে এসেছে, তাতে স্বস্তি মিলেছে। এই ডিসেম্বর মাসে (২০ তারিখ পর্যন্ত) বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ড মিলিয়ে মাত্র ১৫ জন আক্রান্ত হয়েছেন। শুধু বছর শেষের মাসই নয়। ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন মাত্র ৩৮৩ জন। গত বছর যেখানে সংখ্যাটি ৩৯০০-এর বেশি ছিল।
Advertisement
বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এবার সংক্রমণ কম রয়েছে। আমরা বছরের শুরু থেকেই ডেঙ্গু দমনে রাজ্যের গাইডলাইন মেনে সমস্ত ব্যবস্থা নিয়েছি। তাতে সাফল্য মিলেছে। বছরের শেষেও ডেঙ্গু কম। এবার সত্যিই আমরা সকলে মিলে ডেঙ্গুকে হারাতে পেরেছি।পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট আক্রান্তের হিসেব করা হয় ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে। সেই অনুসারে ২০২২ সালে ৪২২২ জন আক্রান্ত হয়েছিলেন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ৩৯৫৬ জন। সেখানে এবার সংক্রমণের সংখ্যা ৩৮৩ জন। গতবার আগস্ট মাস থেকেই সংক্রমণ উপরের দিকে উঠেছিল। যেমন, আগস্টে ৭৭৪, সেপ্টেম্বরে ১৪০০, অক্টোবরে ১১৯৭, নভেম্বরে ৪০৮ জন আক্রান্ত হয়েছিলেন। ডিসেম্বরে সংক্রমণ কমে ৩২ হলেও সারা বছর  ছিল বেশি। কিন্তু, এবার আগস্টে মাত্র ২১, সেপ্টেম্বরে ৬১, অক্টোবরে ১৩৮, নভেম্বরে ১২২ জন আক্রান্ত হয়েছেন। চলতি ডিসেম্বরে সংখ্যাটি ১৫। 
সম্পর্কিত সংবাদ