নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গায় দুঃসাহসিক ডাকাতির ২১ দিন পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম অলোক বিশ্বাস ও কৃষ্ণপদ মণ্ডল। তাদের বাড়ি যথাক্রমে নদীয়ার গাংনাপুর ও চাকদহে। সম্প্রতি হুগলি জেলার মগরায় অপরাধ করে পালানোর সময় পুলিসের হাতে ধরা পড়েছিল তারা। ধৃত দু’জন পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। তদন্তে পুলিস জানতে পারে অলোক ও কৃষ্ণপদ দেগঙ্গার কলাপোল গ্রামে ডাকাতির সঙ্গে যুক্ত। সেই সূত্রেই দুষ্কৃতীদের নিজেদের হেফাজতে নিয়েছে দেগঙ্গা থানার পুলিস।
Advertisement
প্রসঙ্গত, ২৩ নভেম্বর দেগঙ্গার অমুলিয়া পঞ্চায়েতের কলাপোলের বাসিন্দা মৃণাল চৌধুরী ও তরুণতপন দেবের বাড়িতে ডাকাতি হয়। বাইকে করে আসা ছ’জনের সশস্ত্র ডাকাতদল প্রথমে মৃণাল চৌধুরীর বাড়িতে ঢোকে। বাড়ির মহিলাদের মা বলে সম্বোধন করে সকলকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে রেখে চলে ডাকাতি। প্রতিটি ঘরের আলমারি ভেঙে নগদ টাকা সহ সোনার গয়না লুট করে তারা। ডাকাতি চলাকালীন বাড়িতে চলে আসেন মৃণালের ভাই মৃদুল চৌধুরী। তাঁকেও একটি ঘরে ঢুকিয়ে রেখেছিল দুষ্কৃতীরা। মৃণালের বাড়িতে ডাকাতির শেষ মুহূর্তে চারজন ডাকাত গিয়ে ঢোকে রাস্তার উল্টোদিকে থাকা তরুণতপন দেবের বাড়িতে। সেখানেও বাড়ির মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করে। তবে ঘরে ঢুকিয়ে তাঁদের হাতে থাকা সোনার গয়না খুলিয়ে নিয়েছিল ডাকাতরা। হাতের গয়না খোলার জন্য সাবান ব্যবহারের পরামর্শও দিয়েছিল। তপনের বাড়ির দোতলায় সবকটি ঘর থেকে আলমারি ভেঙে ১৫ ভরি সোনার গয়না এবং তিন লক্ষ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ডাকাতদল। তদন্তকারীরদের কথায়, ধৃতদের জেরা করে এর সঙ্গে আর কারা যুক্ত ছিল, তার খোঁজ চলছে। বাঙালি হলেও নিজেদের আড়াল করতে এরা হিন্দি বলত।



