বিশেষ সংবাদদাতা, আইজল: মিজোরামের রাজধানী আইজলে নয়া নজির। দেশের প্রথম ‘জেনারেশন বিটা’ বা সংক্ষেপে ‘জেন বিটা’ শিশুর জন্ম হল শহরের একটি হাসপাতালে। গত ১ জানুয়ারি রাত ১২.০৩ মিনিটে জন্ম হয় ওই শিশুর। নাম ফ্রাঙ্কি রেমরুতদিকা জাদেং। এখন বিভিন্ন প্রজন্মের সময়কালের নামকরণ করা হচ্ছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শিশু জন্মগ্রহণ করছে তারা ‘জেন বিটা’ প্রজন্মের। চলতি বছর থেকে ২০৩৯ সালের মধ্যে যেসব যাদের জন্ম হবে, তারা হল ‘জেন বিটা’। ২০৩৫ সালে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ শতাংশ হবে এই প্রজন্ম। গবেষক মার্ক ম্যাকক্রিন্ডেল এমনই অভিমত প্রকাশ করেছেন। এই মার্কই আলফা প্রজন্মের নামকরণ করেছিলেন। ২০১০ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ১৫ বছরে যে সব শিশুরা জন্মগ্রহণ করেছে, তারা ‘জেন আলফা’। আর আগে ১৯৯৭ থেকে ২০০৯ পর্যন্ত জন্ম হওয়া শিশুরা ‘জেন জি’ নামে পরিচিত।



