Bartaman Logo
২৭ মে, ২০২৬

দেশব্যাপী গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেবে কেন্দ্র

দেশব্যাপী গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেবে কেন্দ্র
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা দেশে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে ৩ হাজার গ্রাম পঞ্চায়েতকে এই ব্য‌বস্থার আওতায় আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির কাছে স্থানীয় ভিত্তিক পূর্বাভাস পৌঁছে দেবে আবহাওয়া দপ্তর। এর জন্য বিশেষ পোর্টাল এবং অ্যাপ তৈরি করা হয়েছে। দুটি পোর্টালের নাম দেওয়া হয়েছে—‘ই স্বরাজ’ ও ‘গ্রাম মানচিত্র’। মেরি পঞ্চায়েত নামে একটি মোবাইল অ্যাপ এই উদ্দেশ্যে ব্যবহার করা হবে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, পঞ্চায়েত ও ভূবিজ্ঞান মন্ত্রক যৌথভাবে এই উ঩঩দ্যোগটি নিয়েছে। 
Advertisement
আবহাওয়ার সঙ্গে চাষ-আবাদের সম্পর্ক নিবিড়। স্থানীয় ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস চাষিদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। স্থানীয় নির্দিষ্ট পূর্বাভাস জানা থাকলে কৃষি সংক্রান্ত পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগের জন্য চাষের যে ক্ষতি হয় তা কমানো সম্ভব হবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কোনও এলাকায় বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলে ফসল বাঁচাতে আগাম ব্যবস্থা নিতে পারবেন চাষিরা। কোন সময়ে বীজ রোপণ, ফসল তোলার কাজ করলে ভালো হবে সেই সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। পূর্বাভাসের পাশাপাশি চাষিদের পরামর্শ দেওয়া হবে এই ব্যবস্থার মাধ্যমে। 
পঞ্চায়েত এলাকায় আবহাওয়া কেমন থাকবে তার ৫ দিনের পূর্বাভাস দেওয়া হবে। দেওয়া হবে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মেঘ জমা হওয়া সংক্রান্ত তথ্যাদি। স্থানীয় আবহাওয়ার বর্তমান পরিস্থিতিও জানানো হবে। এই ব্যবস্থা নিয়ে গ্রাম পঞ্চায়েতগুলিকে সচেতন করার জন্য কেন্দ্রীয় পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে ইতিমধ্যেই। রাজ্য ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ আগামী দিনে নেওয়া হবে। এই ব্যবস্থা কার্যকর করতে গ্রাম পঞ্চায়েতগুলিকে সক্রিয় হতে হবে বলে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা মনে করছেন। আবহাওয়া সংক্রান্ত তথ্য গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে দ্রুত চাষিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ চাষিদের বড় অংশের পক্ষে সরাসরি এই পরিষেবার সুবিধা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। পঞ্চায়েতগুলিতে ইন্টারনেট পরিষেবা থাকার ফলে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য সংগ্রহে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কৃষি প্রযুক্তি সহায়করা (কেপিএস) পঞ্চায়েত ভিত্তিক কাজ করেন। এই পরিষেবার চাষিদের কাছে পৌঁছে দিতে কেপিএসরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলেই আশা আধিকারিকদের। 
সম্পর্কিত সংবাদ