নাগপুর: বার্ড ফ্লু আতঙ্ক নাগপুরের বন্য পশু ও পাখিদের একটি পুনর্বাসন কেন্দ্রে। এভিয়ান ফ্লু এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে গোরেওয়াড়া রেসকিউ সেন্টারে তিনটি বাঘ ও একটি লেপার্ডের মৃত্যু হয়েছে। ভারতে এই ধরনের ঘটনা আগে কখনও দেখা যায়নি। চার বন্যপ্রাণীর মৃত্যুর পর মহারাষ্ট্রের সমস্ত চিড়িয়াখানা, পুনর্বাসন ও ট্রানজিট কেন্দ্রে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
Advertisement
গোরেওয়াড়া প্রজেক্ট ডিভিশনাল ম্যানেজার এস এস ভাগবত জানিয়েছেন, বারবার লোকালয়ে ঢুকে পড়ায় গত ডিসেম্বরে চন্দ্রপুর থেকে লেপার্ড ও বাঘগুলিকে এই সেন্টারে পাঠানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ফ্লুয়ের একাধিক উপসর্গ দেখা দেয়। গত সপ্তাহে ওই পশুগুলি প্রাণ হারিয়েছে। তারপরই তাদের নমুনা ভোপালের আইসিএআর - ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিসেসে পাঠানো হয়েছিল। সেখানেই মৃত বন্যপ্রাণীদের দেহে এইচ৫এন১ ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের খাঁচাকে আগুন দিয়ে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।



