নয়াদিল্লি: জিনিসপত্রের আগুন দামে আম আদমির পকেটে চাপ বাড়ছে। কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না মুদ্রাস্ফীতিকে। সরকারি পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। গত অক্টোবরে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের লক্ষ্যমাত্রা টপকে গিয়েছিল খুচরো মুদ্রাস্ফীতির হার। এবার উদ্বেগ ধরা পড়ল পাইকারি বাজারেও। গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ছিল ২.৩৬ শতাংশ। যা গত চার মাসে সর্বোচ্চ। উৎসবের মাসে ১৩.৫৪ শতাংশ দাম বেড়েছে খাদ্যদ্রব্যের। যেখানে সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ১১.৭৩ শতাংশ। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে পাইকারি বাজারে খাদ্যদ্রব্যের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে সব্জির (৬৩.০৪ শতাংশ)। এ আলুর দাম ৭৮.৭৩ শতাংশ ও পেঁয়াজের দাম ৩৯.২৫ শতাংশ বেড়েছে।



