নয়াদিল্লি: সবুজায়নে বড়সড় সাফল্য। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতের বনাঞ্চলের পরিমাণ ১ হাজার ৪৪৫ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। যা দেশের মোট ভৌগলিক এলাকার ২৫.১৭ শতাংশ। শনিবার প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। এখানেই শেষ নয়। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, কার্বন সিঙ্ক তৈরিতে এসেছে বড়সড় সাফল্য। অর্থাৎ এমন এক জিনিস (বনাঞ্চল) যা নির্গমনের তুলনায় অনেক বেশি কার্বন শুষে নিতে পারে। যার জেরে তৈরি হয় কার্বনের ভাণ্ডার। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ২০০৫ সালের তুলনায় দেশে আরও ২২৯ কোটি টন কার্বন সিঙ্ক তৈরি হয়েছে।
Advertisement
এদিন প্রকাশিত হয়েছে ইন্ডিয়া স্টেট অব ফরেস্ট রিপোর্ট (আইএসএফআর) ২০২৩। জানা গিয়েছে সবুজায়নের ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা ও রাজস্থান। এই রাজ্যগুলিতে বনাঞ্চল ৬৮৪, ৫৫৯, ৫৫৯ এবং ৩৯৪ বর্গ কিলোমিটার বেড়েছে। অন্যদিকে, উত্তর পূর্বাঞ্চলে তা ৩২৭ বর্গ কিমি কমেছে। বর্তমানে দেশে প্রায় ৪ হাজার ৯৯২ বর্গ কিমি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। ২০২১ সালের তুলনায় যা প্রায় সাড়ে ৭ বর্গ কিলোমিটার কম। ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার এক আধিকারিক জানান, বর্তমানে দেশে ১ লক্ষ ৫৪ হাজার ৬৭০ বর্গ কিমি এলাকায় বাঁশ বন রয়েছে।



