মুম্বই, ২২ ডিসেম্বর: ফের দ্রুত গতির জেরে মৃত্যু। মুম্বইয়ে এক চার বছরের শিশুকে পিষে দিল চারচাকা গাড়ি। যার ফলে মৃত্যু হয়েছে শিশুটির। পুলিস ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ওই গাড়ির চালককে। ধৃতের নাম সন্দীপ গোলে। তিনি ভিলে পার্লের বাসিন্দা বলে মুম্বই পুলিস সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আম্বেদকর কলেজের কাছে। মৃত শিশুটির নাম আয়ূষ লক্ষ্মণ কিনভাদে। সে ওই এলাকায় ফুটপাতেই থাকত। তাঁর বাবা একজন শ্রমিক। পুলিস সূত্রে খবর, ধৃত সন্দীপ বেশ জোরেই গাড়ি চালাচ্ছিল। কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। তদন্ত শুরু হয়েছে। তথ্য-পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে, মহারাষ্ট্রে বিগত পাঁচ বছরে পথ দুর্ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে দেশে পথ দুর্ঘটনার নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।



