Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’শোর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে ১৬টি ওয়ার্ড

দু’শোর বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে ১৬টি ওয়ার্ড
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা ডায়মন্ডহারবার শহর। এতদিন কিছু কিছু গুরুত্বপূর্ণ মোড়ে এই ক্যামেরা বসানো ছিল। কিন্তু এবার প্রত্যেক ওয়ার্ডের অলিগলি, এমনকী স্কুল-কলেজ ও হাসপাতাল এলাকাতেও ক্যামেরা বসিয়ে নজরদারি করা হবে বলে ঠিক হয়েছে। সব মিলিয়ে গোটা পুর এলাকায় দু’শোর বেশি এমন ক্যামেরা বসানো হবে। ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাছাড়া অনেক সময় বহু বাইরের মানুষ এখানে আসেন। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে, তা যাতে চিহ্নিত করা যায়, সেই কারণেই গোটা পুরসভা এলাকায় এতগুলি ক্যামেরা বসানো হবে। পুরসভায় রয়েছে মোট ১৬টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডের অন্তত ১৫টি করে ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে। তবে যে ওয়ার্ডগুলি তুলনামূলক বড় এবং যেখানে গুরুত্বপূর্ণ জায়গা বেশি, সেখানে ক্যামেরার সংখ্যা বাড়তে পারে। এছাড়াও পুরসভার বেশ কিছু এলাকার সঙ্গে ডায়মন্ডহারবার ১ ব্লকের কিছু পঞ্চায়েতের সীমানা রয়েছে। যেমন ১ নম্বর ওয়ার্ডের সঙ্গে পারুলিয়া গ্রামীণ এলাকা, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সঙ্গে একদিকে বোলসিদ্ধি কালীনগর এবং আরেক দিকে বাসুলডাঙা পঞ্চায়েতের সীমানা রয়েছে। আর কানপুর ধনবেরিয়া পঞ্চায়েতের সঙ্গে সাত নম্বর ওয়ার্ডের সীমানা আছে। এইসব সীমান্তবর্তী এলাকায় বাড়তি গুরুত্ব দিচ্ছে পুরসভা। সেখানেও বিভিন্ন মোড়ে বসবে সিসি ক্যামেরা।
Advertisement
পুরসভার এই উদ্যোগে খুশি নাগরিকরা। তাঁরা বলেন, ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হলে, অনেক সুবিধে হবে। কোনও কিছু ঘটে গেলে সিসি ক্যামেরা থেকে পাওয়া ছবি থেকে পুলিস উপযুক্ত পদক্ষেপ করতে পারবে।
সম্পর্কিত সংবাদ