নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রায় দু’মাস ধরে নিখোঁজ কিশোরী। থানায় অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। তাই, কিশোরীকে বাড়ি ফেরানোর দাবিতে আমডাঙায় পথ অবরোধ করলেন পরিবারের সদস্যরা। রবিবার আমডাঙার রফিপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পরিবারের লোকজন। পরে পুলিস এসে অবরোধ হটিয়ে দেয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের কিশোরী ভলিবল খেলত। তার শিক্ষক রজত মৃধা গত বছর ৮ নভেম্বর তাকে বাড়ি থেকে বাইকে করে নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু ওই দিন থেকে সে আর বাড়ি ফেরেনি। শুধু তাই নয়, এখনও পর্যন্ত পরিবারের সদস্যরা কিশোরীর কোনও হদিশ পাননি। ঘটনার দু’দিন পরেই পরিবারের তরফে আমডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও সুরাহা হয়নি। তাই পুলিসের তদন্তে গতি আনার দাবিতে এদিন দুপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পরিবার। কিশোরীর বাবা বলেন, ভলিবলের শিক্ষক রজত মৃধা মেয়েকে অসৎ উদ্দেশ্যে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। আমাদের ধারণা, তাকে কোথাও গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। ওর বাড়ি বারাসতের নবপল্লিতে। এলাকায় গিয়ে জেনেছি ওর চরিত্র খারাপ। এর আগেই একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। বাড়িতেও নেই রজত, ফোন বন্ধ। তাই পুলিসের কাছে আর্জি, মেয়েকে দ্রুত বাড়ি ফেরানো হোক। পুলিসের তরফে জানানো হয়েছে, কিশোরীকে উদ্ধার করতে সবরকম চেষ্টা করা হচ্ছে।



