Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’মাস মেলেনি পেনশন, ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্তদের

দু’মাস মেলেনি পেনশন, ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্তদের
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ ভাটপাড়া পুরসভায়। আগেও অনিয়মিত পেনশনের অভিযোগে একাধিকবার পুরসভায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এদিনও একই অভিযোগে পুরসভার গেটে সভা করে বিক্ষোভ দেখান তাঁরা। 
Advertisement
বিক্ষোভকারীদের তরফে কমল বিশ্বাস বলেন, নভেম্বর থেকে ডিসেম্বর– দু’মাসের পেনশন এখনও পাইনি। ক’দিন আগে এনিয়ে আমরা পুরসভায় এসেছিলাম। তখন বলা হয়েছিল ২ জানুয়ারি পেনশন পেয়ে যাবেন। তারপরে চিঠিও দিয়েছিলাম। কিন্তু উত্তর পাইনি। পুরসভার কর্মচারীদের মাইনে প্রতি মাসের ১ তারিখ হয়। কিন্তু আমরা নিয়মিত পেনশন পাই না। মঙ্গলবার ৭ তারিখ হয়ে গেল। তবুও পেনশন না পাওয়ায় আমরা বাধ্য হয়েছি বিক্ষোভ দেখাতে। আইনি পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানিয়েছেন, বিক্ষোভের পিছনে যুক্তি নিশ্চয়ই আছে। আমরা ওঁদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তহবিল সঙ্কটের কারণে সমস্যাটি হয়েছে। আশা করি দু-চার দিনের মধ্যে বকেয়া পেনশন দিয়ে দেওয়া যাবে।
সম্পর্কিত সংবাদ