নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের পছন্দের প্রার্থীদেরই উপাচার্য হিসেবে নিয়োগে সম্মতি দিলেন রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ৩৪টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ টিতে নাম অনুমোদন করে দিয়েছেন আচার্য। এক-দু’দিনের মধ্যে আরও পাঁচটি করবেন। বাকি ২৩টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগও হয়ে যাবে তিন সপ্তাহের মধ্যে। সুপ্রিম কোর্টে সোমবার জানালেন দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি। প্রাথমিক তালিকা নিয়ে কোনও দ্বিমত হয়নি বলেই রাজ্যপালের পক্ষে এদিন আদালতে জানান তাঁর আইনজীবী জয়দীপ মজুমদার। আদালতকে একটি তালিকাও তুলে দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, কল্যাণী, বর্ধমান, সিধো কানহো বিরসা, রানি রাসমণি গ্রিন, প্রেসিডেন্সি এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, এই ছ’টিতে নিয়োগ চূড়ান্ত। বাকি এক দুদিনের মধ্যে দক্ষিণ দিনাজপুর, হিন্দি, কন্যাশ্রী, মুর্শিদাবাদ এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের মতো পাঁচটিতে নিয়োগের নামে সই করে দেবেন আচার্য।



