নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেশন দোকান চালু করার জন্য যেসব শর্ত খাদ্যদপ্তর দিয়েছে, তা পূরণ হচ্ছে না। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বাড়ছে রেশন ডিলারের শূন্যপদ। জেলা খাদ্যবিভাগ সূত্রে খবর, গত দু’বছরে প্রায় ২০০টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। শর্ত পূরণ নিয়ে থেকে যাচ্ছে নানা ফাঁক। তার ফলে এই বিপুলসংখ্যক শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এতে আবার জেলার বিভিন্ন প্রান্তের রেশন ডিলারদের উপর বাড়তি চাপ পড়ছে।
Advertisement
শর্ত রয়েছে, রেশন দোকান করার জন্য গোডাউন ৩০০ বর্গফুটের এবং দোকানটি ১০০ বর্গফুটের হতে হবে। আর খাদ্যসামগ্রী রাখার জন্য মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় স্ল্যাব করতে হবে। এছাড়াও রয়েছে অন্যান্য শর্ত। কিন্তু আবেদন পরীক্ষা করতে যখন খাদ্যবিভাগের আধিকারিকরা যাচ্ছেন, তখন তাঁরা অনেক ক্ষেত্রেই নানা খামতি দেখতে পারছেন। ফলে সেইসব আবেদন বাতিল হয়ে যাচ্ছে। মাসের পর মাস ধরে এই প্রবণতা দেখা যাচ্ছে। ফলে কীভাবে শূন্যপদ পূরণ হবে, সেটাই এখন বড় চিন্তা আধিকারিকদের। উদাহরণ দিয়ে তাঁরা বলছেন, নিয়ম অনুযায়ী দোকান আর গুদামঘর পাশাপাশি হতে হবে। কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখা গিয়েছে, এক জায়গায় দোকান, এবং আরেক প্রান্তে গোডাউন। আবার কিছু জায়গায় যে ঘরে রেশন দোকান শুরু করতে চাইছেন আবেদনকারী সেই ঘরটি স্যাঁতস্যাঁতে। তাতে সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সেসব বাতিল করা হচ্ছে।
খাদ্যবিভাগের এক আধিকারিক বলেন, বর্তমানে জেলায় ১৩৮৯টি রেশন দোকান রয়েছে। এছাড়া মাঝেমধ্যেই কোনও ডিলারের মৃত্যু হয়, বা কেউ ডিলারশিপ ছেড়ে দেন। ফলে নতুন করে শূন্যপদ সৃষ্টি হচ্ছে। বর্তমানে বারইপুর মহকুমায় সব থেকে বেশি রেশন ডিলারের পদ খালি রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দিনে আবেদনকারীরা দপ্তরের সমস্ত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে আবেদন করবেন।