সম্প্রতি কলকাতার আইসিসিআরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল দর্পণী সংস্থা। চলতি বছর ৩০তম বর্ষে পদার্পণ করল এই সংস্থা। দর্পণীর রজত জয়ন্তী পূর্তিতে গুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে মর্দল মঞ্জীরের সূচনা করা হয়েছিল। এ বছর এই অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পণ করল। দেশ-বিদেশের একাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের প্রথমদিন মঞ্চে ছিলেন ভরতনাট্যম শিল্পী প্রবীণ কুমার, মণিপুরী নৃত্যশিল্পী গুরু বিপিন সিংয়ের শিষ্য সঞ্জীব ভট্টাচার্য। এছাড়াও দর্পণী সংস্থার নিজস্ব প্রযোজনাও মন কেড়েছে। নৃত্যপরিচালনা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট ওড়িশি শিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দিনের আয়োজনে ছিলেন মণিপুরী নৃত্যশিল্পী গুরু প্রীতি প্যাটেল। ছিলেন ওড়িশি নৃত্যের কিংবদন্তি শিল্পী শর্মিলা বিশ্বাস সহ আরও অনেকে।



