Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তপন ব্লকে পানীয় জলের সঙ্কট, দ্রুত ব্যবস্থার দাবি বাসিন্দাদের

তপন ব্লকে পানীয় জলের সঙ্কট, দ্রুত ব্যবস্থার দাবি বাসিন্দাদের
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তপন: পানীয় জলের তীব্র সংকটে তপন ব্লকের বাসিন্দারা। কিছু এলাকায় নলকূপ বিকল হয়ে পড়েছে। গত কয়েকদিনে ব্লকের বিভিন্ন অংশে বাসিন্দারা পথ অবরোধে শামিল হয়েছেন পানীয় জলের দাবিতে। ব্লকের অনেক গ্রামে এখনও বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়নি। কোথাও সাবমার্সিবল বা পিএইচই-এর ট্যাপকল না থাকায় একমাত্র ভরসা মার্ক টু নলকূপ। কিন্তু ভূগর্ভস্থ জলের স্তর এতটাই নীচে নেমে গিয়েছে, টিউবওয়েলেও জল উঠছে না।

Advertisement

এবিষয়ে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, যে সমস্ত এলাকায় জলের সমস্যা রয়েছে, সেখানে ট্যাঙ্কার পাঠিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। জলের সমস্যা মেটাতে জেলাতে মিটিংও হয়েছে। পিএইচই থেকে আরও ট্যাঙ্কার দিলে বেশি জল পাঠাতে পারব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সব রাজনৈতিক দলই ভোটের সময় বলে পানীয় জলের স্থায়ী সমাধান হবে। কিন্তু তারপর আর কেউ খোঁজ রাখে না। বছরের পর বছর পার হলেও জলকষ্ট কমল না। তপনের চকবলিরামের বাসিন্দা সাদ্দাম সরকার বলেন, আমরা রাজনীতি বুঝি না, চাই শুধু জল। এই কষ্ট আর কবে শেষ হবে? আমাদের গ্রামের সব নলকূপ বিকল। মানুষের বাড়ি থেকে জল চেয়ে এনে খেতে হচ্ছে। ব্লকের প্রতিটি গ্রামে নলকূপ দ্রুত সংস্কার, নতুন সাবমার্সিবল বসানো এবং বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ নিশ্চিত করতে হবে।
পিএইচই’র জেলা আধিকারিক শুভব্রত কর বলেন, তপনের সুতইলের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রজেক্ট অনেক বড় হওয়ায় সময় লাগছে। ওখান থেকে ১০টি রিজার্ভারের মাধ্যমে জল বাড়ি বাড়ি পাঠানো হবে। আপাতত দুটি রিজার্ভার থেকে পরিষেবা চালু হয়েছে। বাকিগুলিতে টেস্টিং চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ