Bartaman Logo
২৭ মে, ২০২৬

দুর্ঘটনাগ্রস্ত খনি শ্রমিকদের সর্দার ধৃত, উদ্ধারকাজ জারি

দুর্ঘটনাগ্রস্ত খনি শ্রমিকদের সর্দার ধৃত, উদ্ধারকাজ জারি
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
গুয়াহাটি: অসমে কয়লা খনিতে দুর্ঘটনার পর কেটে গিয়েছে পাঁচদিন। শুক্রবারও আটকে পড়া আটজন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। এরই মধ্যে ‘র‌্যাট হোল’ কয়লা খনির শ্রমিকদের ‘সর্দার’কে গ্রেপ্তার করল পুলিস। সেই সঙ্গে পুরোদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যে নেপালের এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খনি শ্রমিকদের সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। খনি দুর্ঘটনার পর থেকে সে পলাতক ছিল। তার নাম, পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।
Advertisement
৬ জানুয়ারি ডিমা হাসাও জেলার উমারাংসোরে একটি বেআইনি খনিতে জল ঢুকে পড়লে  শ্রমিকরা আটকে পড়েন। তাঁদের মধ্যে রয়েছেন লিজান মাগার। ২৭ বছরের ওই যুবকের বাড়িতে স্ত্রী ও দু’মাসের সন্তান রয়েছে। অভাবের সংসার। একটু বেশি রোজগারের আশায় খনিতে কাজ করেন। গত সোমবার প্রায় ৩৪০ ফুট গভীর কয়লা খনিতে প্রবেশের আগে স্ত্রী জুনু প্রধানের সঙ্গে কথাও বলেছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি। খনিতে স্বামীর আটকে পড়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী।  শ্রমিকদের উদ্ধারে সেনা, অসম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফের সঙ্গে নৌবাহিনীও নেমে পড়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ৫-৬টি পাম্প চালিয়ে খনির জল বের করে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পর্কিত সংবাদ