সংবাদদাতা, বনগাঁ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। নাম সৌমিত্র আচার্য (৩২)। তিনি বনগাঁ থানায় কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় বনগাঁ থানার আরামডাঙা এলাকায় বনগাঁ-বাগদা সড়কে দুর্ঘটনাটি ঘটে। আরামডাঙার বাসিন্দা সৌমিত্র এদিন সন্ধ্যায় আষাঢ়ু বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একই দিক থেকে গ্যাস সিলিন্ডারের একটি গাড়ি আসছিল। রাস্তায় সৌমিত্রকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। তিনি রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিস।
Advertisement
ঘটনার পর বনগাঁ-বাগদা সড়কের বেহালদশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা জুড়ে খানাখন্দ। এর উপর রাস্তার পাশ দিয়ে খুঁড়ে জলের পাইপ বসানোর কাজ চলছে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। যার ফলে ঘটছে দুর্ঘটনা। এমনকী খারাপ রাস্তার কারণে তাঁদের হাসপাতালে পৌঁছতে দেরি হয়েছে। তাড়াতাড়ি পৌঁছতে পারলে বাঁচানো যেত বলে জানান স্থানীয়রা।



