সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: রড বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল চায়ের দোকানে। গুরুতর জখম দু’জন। পা ভেঙেছে এক ব্যক্তির। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে। গুরুতর জখম হয়েছেন স্থানীয় বাসিন্দা নিমাই দাস (৫৫) ও হাবু আলি(৬০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে পর্বত কর্মকারের চায়ের দোকানে ছিলেন কয়েকজন। তুলসীহাটা দিক থেকে রড বোঝাই একটি ট্রাক্টর দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেলে নিমাই দাসের পায়ের উপরে চাকা উঠে যায়। নিমাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দিলে পরিবারের লোকেরা বিহারের পূর্ণিয়া নিয়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য মামণি দাস বলেন, নিমাই দাস আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অপারেশন করে তাঁর বাঁ পায়ে রড বসানো হয়েছে।



