নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় জখম ব্যক্তিকে সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলে এবার পুরস্কার বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হবে। এমনটাই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। নাগপুরে পথ সুরক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ২০২১ সালের অক্টোবরে সাহায্যকারীদের জন্য এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। দেওয়া হতো পাঁচ হাজার টাকা। গাদকারি এদিন জানান, যাঁরা জখমদের সময়মতো হাসপাতালে পৌঁছে দেন তাঁদের জন্য এই টাকা যথেষ্ট নয়। তাই পুরস্কারমূল্য পাঁচগুণ বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পথ দুর্ঘটনার পরের এক ঘণ্টা আহতদের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা এই সময়কে ‘গোল্ডেন আওয়ার’ বলে থাকেন। সুপ্রিম কোর্টও সম্প্রতি গোল্ডেন আওয়ারে ক্যাশলেস চিকিৎসার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল।



