নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: যান্ত্রিক গোলযোগের কারণে সোমবার দুপুরে দীর্ঘসময় ধরে ডানকুনি-শিয়ালদহ রুটে ট্রেন চলাচল করতে পারেনি। ঘটনার জেরে তীব্র ভোগান্তি হয়েছে যাত্রীদের। রেলযাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ২টো ২২ মিনিটের ডানকুনি-শিয়ালদহ লোকাল রাজচন্দ্রপুর স্টেশনের মুখে এসে আটকে পড়ে। প্রায় ৩৫ মিনিট সেখানেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। শেষপর্যন্ত নির্ধারিত সময়ের প্রায় একঘণ্টা পরে ট্রেনটি শিয়ালদহ স্টেশনে গিয়ে পৌঁছয়। যাত্রীদের একাংশের দাবি, ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগের অভাবের কারণেই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছিল। অন্য একটি অংশের দাবি, ট্রেনে যান্ত্রিক ত্রুটির কারণেই তা আটকে পড়ে। যদিও রাজচন্দ্রপুর স্টেশন কর্তৃপক্ষ এনিয়ে কোনও বিবৃতি দিতে চায়নি। রেলসূত্রে জানা গিয়েছে, সিগন্যাল সংক্রান্ত সমস্যার কারণে সামান্য সময় ট্রেনটি দাঁড়িয়ে ছিল। ট্রেনটি দীর্ঘসময় দেরিতে চলার জেরে পরবর্তী ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। নিত্যযাত্রীদের সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টে ৪০ মিনিটের ডাউন বারুইপাড়া লোকাল প্রায় ২০ মিনিট পরে ডানকুনি থেকে ছেড়েছে। যাত্রীদের দাবি, প্রতিদিনই নানা কারণে ডানকুনি-শিয়ালদহ লোকালগুলি দেরিতে চলে। নানা স্টেশনে কারণে, অকারণে সেগুলি থেমে থাকে। ওই পথে যাতায়াত রীতিমতো নরকযন্ত্রণা হয়ে উঠেছে।



