Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীর্ঘদিন পর সালঞ্চি গ্রামে বড় পুকুরের সংস্কার শুরু

দীর্ঘদিন পর সালঞ্চি গ্রামে বড় পুকুরের সংস্কার শুরু
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সালঞ্চি গ্রামের একমাত্র বড় পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল। গ্রামবাসীদের তরফ থেকে পুকুরটি সংস্কারের জন্য সরকারি দপ্তরে আবেদন জানালেও কোনও কাজ হয়নি। অবশেষে দীর্ঘ কয়েক বছর পর পুরুলিয়া জেলা প্রশাসন আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার থেকে পুকুরটি সংস্কারের কাজ শুরু করল। পুকুরের সংস্কারের কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা খুঁশি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনডি গ্রাম পঞ্চায়েতের সালঞ্চি গ্রামের পুকুরটি বাম আমল থেকে সংস্কার হয়নি। প্রায় ৫২ বিঘা জায়গা জুড়ে থাকা পুকুরটি বর্তমানে কচুরিপানায় পূর্ণ হয়ে উঠেছিল। চাষবাস সহ গবাদি পশুর খাবার জল, গ্রামের পুজো পার্বণ ও স্নানের কাজে পুকুরটির জল ব্যবহার করা হতো। শুধু তাই নয় পুকুরটিতে প্রচুর মাছ চাষ হতো। কিন্তু পুকুরটি সংস্কারের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছিল। গ্রামবাসীদের মধ্যে গণেশ কৈবর্ত্য, সাধন রায়, অনাদি বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রামে দেড় হাজার লোক বসবাস রয়েছে। সাতটি সম্প্রদায়ের মানুষ গ্রামে বসবাস করেন। গ্রামের পুকুরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার না হওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। গ্রামবাসীদের তরফ থেকে প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানানো হয়েছিল। অবশেষে জেলা পরিষদের অর্থে সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা খুশি।
 জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের ২৫ লক্ষ টাকা খরচে পুকুরটির সংস্কারের কাজ করা হচ্ছে। এক মাসের মধ্যে পুকুরের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।
 জেলা পরিষদ সদস্যা সরস্বতী বাউরি বলেন, গ্রামবাসীরা পুকুরটির বিষয়ে আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে জানানোর পর ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে সেই সামান্য টাকায় এত বড় পুকুরের সম্পূর্ণ সংস্কারের করা সম্ভব নয়। তাই আগামীদিন যাতে আরও অর্থ বরাদ্দ করা যায় তার জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ