Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দীর্ঘদিন বেহাল গ্রামের ইটের রাস্তা, দুর্ভোগ এলাকাবাসীর

দীর্ঘদিন বেহাল গ্রামের ইটের রাস্তা, দুর্ভোগ এলাকাবাসীর
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ গোপালনগর গ্রামের প্রায় চার কিলোমিটার ইটের রাস্তা। পুরো রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরে গিয়েছে। কোথাও ইট বসে গিয়ে অথবা ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, হেঁটেও ঠিক করে যাতায়াত করা যায় না। ছাত্র-ছাত্রীরা সাইকেল নিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই পড়ে গিয়ে চোট পায়। আর এক পশলা বৃষ্টি হলে সমস্যা আরও বেড়ে যায়। গোটা রাস্তাই কাদা কাদা হয়ে যায়। তখন হেঁটে যাতায়াত করাই বিপজ্জনক হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। কেবল রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে। 
Advertisement
জানা গিয়েছে, প্রায় ২৫ বছর আগে এই ইটের রাস্তাটি তৈরি করা হয়েছিল। প্রথম দিকে রাস্তাটি ভালোই ছিল। কিন্তু গত প্রায় ১৩ বছর ধরে এটি বেহাল হয়ে গিয়েছে। অথচ গোপালনগর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। বাঁধা কিংবা রাস মোড় থেকে গ্রাম পঞ্চায়েতের অফিসে যেতে গেলে এই রাস্তার উপর দিয়েই যেতে হয়। তাই রোজ এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। 
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা নির্মল পয়ড়া বলেন, গ্রামের এই রাস্তা দিয়ে কোনও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। কোনও গ্রামবাসী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দোলনায় করে নিয়ে গিয়ে ঢালাই অথবা পিচ রাস্তায় অ্যাম্বুলেন্সে তুলতে হয়। প্রসূতি হলে খুবই সমস্যায় পড়তে হয়। এছাড়াও রাত হলে এই রাস্তা দিয়ে ঠিক মতো হেঁটেও যাতায়াত করা যায় না।
আর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবরঞ্জন গিরি এনিয়ে বলেন, ওই ইটের রাস্তার উপর খুব শীঘ্রই পিচ ঢালা হবে। পিচের রাস্তা হয়ে গেলে আর কোনও সমস্যা থাকবে না। ডিপিআর হয়ে গিয়েছে। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ