সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্য জেলার মতো হাওড়া গ্রামীণ জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়াতেও দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল। সেই কার্নিভালে একাধিক পুজো কমিটি অংশও নিয়েছিল। আর শনিবার বিকেলে কার্নিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। পাশাপাশি এদিন মহরমের তাজিয়ার শোভাযাত্রার পুরস্কারও দেওয়া হয়। এদিন উলুবেড়িয়া পুরসভার মুক্তমঞ্চে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভা চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ। উপস্থিত অতিথিরা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এই উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনু্ঠানও হয়।



