নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য একটি আশ্রমের নাম করে বাড়ি বাড়ি টাকা তুলছিলেন বছর পঞ্চাশের দুই প্রৌঢ়। কিন্তু তা নিয়ে একটি বাড়ির বাসিন্দার সন্দেহ হয়। তাঁর চিৎকারে চলে আসন স্থানীয় বাসিন্দারা। এরপর রীতিমতো উত্তম-মধ্যম দেওয়া হয় দুই প্রৌঢ়কে। শেষে পুলিস এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া চকপাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দালের সিং এবং গামা সিং নামের দুই ব্যক্তি দেরাদুনের একটি আশ্রমের নাম করে লিলুয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছিলেন। মূলত গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য অর্থ সংগ্রহ করছিলেন তাঁরা। দু’জনেই দেরাদুনের বাসিন্দা। তাঁরা চকপাড়ার একটি বাড়িতে ঢুকলে সন্দেহ হয় গৃহস্থের। এরপরেই মহিলারা চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন।



