সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবার ময়নাগুড়ির খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের টেকাটুলিতে দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়ে ভিড়। আর সেটা দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। গ্রামবাসীরা সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারছেন কি না সেটা দেখতে ক্যাম্পে মাটিতে বসেই ফর্ম হাতে নিয়ে খতিয়ে দেখেন বিডিও। পাশাপাশি বেশ কয়েকজন গ্রামবাসীকে ডেকে ফর্ম নিজে হাতে লিখে দেন।
Advertisement
২৪ তারিখ থেকে শুরু হয়েছে ময়নাগুড়ি ব্লকেও দুয়ারে সরকার। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। সোমবার ব্লকের চারটি ক্যাম্প পরিদর্শন করেন বিডিও। তিনি ছাড়াও বিভিন্ন আধিকারিকরা ক্যাম্প ঘুরে দেখেন। বিডিও বলেন, প্রত্যেকটি ক্যাম্পে প্রচুর ভিড় হচ্ছে। টেকাটুলিতে গিয়ে দেখতে পাই প্রচুর ভিড়। বিভিন্ন প্রকল্পের আবেদন জমা দেওয়ার কাজ চলছে। ফর্মে ভুলভ্রান্তি যেন না থাকে সেকারণেই বিভিন্ন ফর্ম নিজেই একবার দেখে নিয়েছি। কিছু ফর্ম আমি পূরণ করে দিয়েছি। আমরা চাইছি, যাঁরা আবেদন করছেন তাঁদের ফর্ম যেন সঠিকভাবে জমা পড়ে। যাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে তাঁদের কোনও অসুবিধা না হয়। নিজস্ব চিত্র।



