Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দীপাবলির সন্ধ্যায় সরশুনার  পুকুরে ডুবে মৃত্যু শিশুর

দীপাবলির সন্ধ্যায় সরশুনার  পুকুরে ডুবে মৃত্যু শিশুর
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতেই খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর! দীপাবলির সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কলকাতার সরশুনা থানা এলাকায় সোনালি পার্কে। মৃত শিশুর নাম মনোজিৎ সাউ। কলকাতা পুলিসের ডিসি (সাউথ ওয়েস্ট) রাহুল দে এই খবর জানিয়েছেন।
Advertisement
সরশুনার যাদব ঘোষ রোডের বাসিন্দা মনোজ সাউ কালীপুজো উপলক্ষ্যে বৃহস্পতিবার সোনালি পার্কে তাঁর আরেকটি বাড়িতে গিয়েছিলেন সপরিবারে। দীপাবলির সন্ধ্যায় বাড়ির বড়রা তখন প্রদীপ-মোমবাতি জ্বালাতে ব্যস্ত। সেই সময় চার বছরের ছোট্ট মনোজিৎ একাই খেলছিল পুকুর পাড়ে। সন্ধ্যা ৭টা নাগাদ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মনোজিতের বাবা। টনক নড়ে বাকিদের। তাঁরাও এদিক-ওদিক খুঁজতে থাকেন শিশুটিকে। পাশাপাশি মোবাইলেই খবর দেওয়া হয় সরশুনা থানায়। হঠাৎ দেখা যায়, পুকুরের জলে ভাসছে ছোট্ট মনোজিৎ। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে, কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ