Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাধা মদনগোপাল মন্দিরে আজ থেকে দোল মহামহোৎসব শুরু

রাধা মদনগোপাল মন্দিরে আজ থেকে দোল মহামহোৎসব শুরু
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার অধিবাসের মধ্য দিয়ে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের শ্রীশ্রী রাধা মদনগোপাল মন্দিরে বাৎসরিক দোল মহামহোৎসব শুরু হবে। আগামী ১৪মার্চ দোলপূর্ণিমা বা গৌরপূর্ণিমা। তার আগে মঙ্গলবার থেকে প্রতিদিন সকালে নিশান্তলীলা কীর্তন, শ্রীমদ্ভাগবত পারায়ন ও সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ হবে। এছাড়া, হরিনাম সংকীর্তন, প্রার্থনা কীর্তন, লীলাকীর্তন, রামলীলা, বৃন্দাবনী নৃত্য সহ নানা অনুষ্ঠান হবে।

Advertisement

রাধা মদনগোপাল মন্দিরে ৪-১০মার্চ প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করেছেন রাধাকুণ্ডের বাসিন্দা পণ্ডিতপ্রবর বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ। মঙ্গলবার থেকে মহামহোৎসব শুরু হচ্ছে। ওইদিন দুপুরে লীলাকীর্তন পরিবেশন করবেন গৌরী পোদ্দার বণিক। মধ্যাহ্নে প্রসাদ বিতরণ হবে। বিকেলে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে আজ্ঞামালা আনা হবে। সন্ধ্যারতির পর রাধা মদনগোপালের শুভ অধিবাস হবে। ১২ মার্চ সকালে নগর পরিক্রমা হবে। এরপর লীলাকীর্তন পরিবেশন করবেন কলকাতার শিল্পী হরিপ্রিয়া ভৌমিক। বিকেলে ও সন্ধ্যায় লীলাকীর্তন পরিবেশন করবেন বীরভূমের কীর্তনীয়া শান্তিরাম মুখোপাধ্যায় ও কলকাতার কীর্তনশিল্পী অনুরাধা ভট্টাচার্য। ১৩মার্চ ভক্তদের নিয়ে নগর পরিক্রমা হবে। সকাল ১০টায় শিল্পী স্বপন পোদ্দারের উদ্যোগে রামলীলা পরিবেশিত হবে। বিকেলে লীলাকীর্তন পরিবেশন করবেন অর্চনাদেবী। সন্ধ্যায় অনুরাধা দেব গোস্বামী লীলাকীর্তন করবেন। ১৪মার্চ সকালে নগর পরিক্রমার পাশাপাশি মহাপ্রভুর আবির্ভাবতিথি উপলক্ষে নানা অনুষ্ঠান হবে। ওইদিন সকালে লীলাকীর্তন পরিবেশন করবেন জাহ্নবী দাসী। বিকেলে গঙ্গাজল আনা হবে। এরপর রেণুকা পাল লীলাকীর্তন পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টায় মহাপ্রভুর মহাভিষেক ও জন্মলীলা কীর্তন হবে। 
সন্ধ্যায় বৃন্দাবন ধামের রাধা মুরারীমোহন ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান রয়েছে। ১৫মার্চ সকালে নগর পরিক্রমার পর দুপুরে মহাপ্রভু ও রাধা মদনগোপালের ৬৪ মহন্তের ভোগ আরাধনা হবে। মধ্যাহ্নে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিলি হবে। ১৬মার্চ সকালে মহন্ত বিদায়, অবধূত স্নান ও নরনারায়ণ সেবার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা হবে।
মন্দিরের অন্যতম সেবায়েত প্রভুপাদ কৃষ্ণগোপাল গোস্বামী বলেন, দোল উৎসব উপলক্ষ্যে রক্তদান শিবির এবং নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হবে। নবদ্বীপের বধূ তিয়াশা গোস্বামী বলেন, রাধা মদনগোপাল মন্দিরে ৪মার্চ থেকে নানা ধর্মীয় অনুষ্ঠান চলছে। তাতে যোগ দিয়ে ভালো লাগছে। শহরের বাসিন্দা সাতবছরের বালিকা ঐশিকী গোস্বামী বলল, দোলের দিন সকাল থেকে আমরা সবাই মিলে খুব আনন্দ করি। রাধা মদনগোপালের সামনে নাটমন্দিরে সবাই মিলে আবির খেলি।

সম্পর্কিত সংবাদ