Bartaman Logo
২৭ মে, ২০২৬

দেওয়ালে সিঁধ কেটে ব্যাঙ্কে চোরের দল, সুরাতে উধাও ৪০ লক্ষ টাকার সামগ্রী

দেওয়ালে সিঁধ কেটে ব্যাঙ্কে চোরের দল, সুরাতে উধাও ৪০ লক্ষ টাকার সামগ্রী
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সুরাত: দেওয়ালে সিঁধ কেটে ব্যাঙ্কে চুরি। উধাও নগদ ও গয়না সহ মোট ৪০ লক্ষ টাকার সামগ্রী। গুজরাতের সুরাতে সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, ব্যাঙ্কের ভিতরে ঢোকার পর সিসি ক্যামেরার তার কেটে দিয়েছিল চোরের দল। নষ্ট করে দিয়েছিল অ্যালার্মও। ফলে তিনদিন পরও অধরা দুষ্কৃতীরা। অভিযুক্তদের ধরতে ব্যাঙ্কের বাইরে ওই এলাকার সিটি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সুরাতের কিম ক্রস রোডের ইউবিআই শাখায় সোমবার গভীর রাতে হানা দেয় চোরেরা। মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার পর কর্মীরা টের পান, ছ’টি লকার কেটে নগদ ও গয়না সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করা হয়েছে। তার মধ্যে এক এনআরআইয়ের লকার থেকে চুরি গিয়েছে গণেশ মূর্তি। পুলিস জানিয়েছে, ব্যাঙ্কের দেওয়ালে দু’ফুট গর্ত খুঁড়ে ভিতরে ঢুকেছিল চোরেরা। লকারগুলি ভাঙার জন্য ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক কাটার। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাঙ্কের ভিতরে ছিল চোরের দল। সুরাতের পুলিস সুপার হীতেশ জয়সর বলেন, চুরির সময় ঘটনাস্থলে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। চুরির কিনারায় পুলিসের একাধিক টিম গড়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিল ডগ স্কোয়াড। তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ