ভুবনেশ্বর: ওড়িশার রায়গড়া জেলায় পিছিয়ে পড়া আদিবাসীদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক রান্দাল সিকেরা। রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আদিবাসীদের কাছে তিনি কার্যত ভগবান। এবার সেই সিকেরাকেই গ্রেপ্তার করল পুলিশ। একইসঙ্গে দলিত সমাজসেবী লক্ষ্মণ নায়েককেও গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের এই গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। অভিযোগ, গত ১৬ অক্টোবর রায়গড়া জেলার কান্তামাল গ্রামে পুলিশ ও স্থানীয়দের মধ্যে যে গোলমাল হয়, তাতে ওই দু’জনের উস্কানি রয়েছে।
এদিকে কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্যের বিভিন্ন আদিবাসী এলাকায় বক্সাইট খাদান নিয়ে লাগাতার যে প্রতিবাদ, তা দমিয়ে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি শাসিত ওড়িশার পুলিশ সিকেরা ও নায়েককে গ্রেপ্তার করেছে। দু’জনের বিরুদ্ধেই গুরুতর অপরাধমূলক মামলা এবং হত্যা ও দাঙ্গার চেষ্টা সহ অস্ত্র আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, তাদের উপর হামলার ঘটনায় সিকেরা ও নায়েক গ্রামবাসীদের উসকানি দিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ডিআইজি অখিলেশ্বর সিং বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা একেবারেই নির্দোষ নন। চিকিৎসক সিকেরা ওই এলাকায় আদিবাসীদের চিকিৎসা করার জন্য ছিলেন, এমন নয়। তিনি সরকারের বিরুদ্ধে ওই মানুষগুলিকে উসকিয়েছিলেন। অন্যদিকে নায়েকও আদিবাসীদের ভুল পথে চালিত করছিলেন বলে দাবি পুলিশের।



