Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানলপ মোড়ে যানজট কমাতে পুলিসের নয়া নির্দেশিকা

ডানলপ মোড়ে যানজট কমাতে পুলিসের নয়া নির্দেশিকা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: উত্তর শহরতলির লাইফলাইন বি টি রোড। সেই রাস্তায় দিনে দিনে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। তাই ডানলপ মোড় সহ বি টি রোডের যানযন্ত্রণা থেকে মানুষকে রেহাই দিতে উদ্যোগী হল বারাকপুর পুলিস কমিশনারেট। তাদের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্যামবাজারের দিক থেকে আসা বারাকপুরগামী সব ধরনের যানবাহন ডানলপ মোড় পার করে যেতে পারবে না। গাড়িগুলিকে ডানলপ মোড় থেকে বাঁ দিকে পিডব্লুডি রোড ধরে দক্ষিণেশ্বর বাস-আইল্যান্ড ঘুরে আবার ওই পিডব্লুডি রোড ধরে বি টি রোডে উঠবে। দক্ষিণেশ্বরের দিক থেকে ছোট গাড়িগুলিকে বি টি রোডে যেতে গেলে পিডব্লুডি রোড ধরে সবেদাবাগান, আর এন টেগোর রোড হয়ে যাওয়ার অনুমতি ছিল। এক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আর এন টেগোর রোড ধরে শুধু সবেদাবাগানের দিকে গাড়ি আসতে পারবে। বিকেল ৫টার পর থেকে রাত ১০টা পর্যন্ত উল্টো হবে বিষয়টি। 
Advertisement
বারাকপুর পুলিস কমিশনারেটের ডানলপ ট্রাফিকের ইনসপেক্টর-ইন চার্জ সুরজিৎ চক্রবর্তী বলেন, ‘নতুন এই নিয়মে যানজট সমস্যা অনেকটাই কমবে। পুলিস কমিশনার অলক রাজোরিয়ার নির্দেশে শনিবার থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। চালকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে ট্রাফিক ডাইভারশনের ব্যানার লাগানো হয়েছে। কয়েকটি রাস্তা একমুখী করা হয়েছে।’ 
সম্পর্কিত সংবাদ