Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দিনহাটায় খুন, পুকুর থেকে হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

দিনহাটায় খুন, পুকুর থেকে হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: আবার খুন দিনহাটায়! বৃহস্পতিবার এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায়। দিনহাটা-২ ব্লকের গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের সাবেক শিবপ্রসাদ মোস্তাফি ছিটমহলের রসামনতা গ্রামে দেহটি পাওয়া যায়। স্থানীয় একটি শুকনো পুকুরে পা বাঁধা অবস্থায় দেহটি দেখতে পান চাষিরা। গ্রামবাসীরাই খবর দেন নয়ারহাট পুলিস ফাঁড়িতে। মৃতদেহটি উদ্ধার করে পুলিস ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রিয় দাস (২৩)। তিনি উত্তর দিনাজপুরের ডালখোলার বাসিন্দা। 
Advertisement
মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে খুন হয়েছে দু’জন। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় তাদের। ভেটাগুড়ির ঘটনার রেশ না কাটতেই আরও একজনের পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার। মৃতদেহটি পুকুরে উপুড় হয়ে পড়েছিল। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীদের অনুমান, বুধবার গভীর রাতে হয়তো কেউ এলাকায় দেহটি ফেলে রেখে যায়। শীতের সময়ে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। 
বৃহস্পতিবার সকালে জমিতে কাজের জন্য যাচ্ছিলেন কৃষকরা। সেই সময় কয়েকজন মৃতদেহটি দেখতে পান। ওই যুবক স্থানীয় কেউ নয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। প্রথমদিকে মৃতের পরিচয় জানা যাচ্ছিল না। তবে চুল কাটার ধরন দেখে স্থানীয়দের মনে হয় তিনি কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্ত করতে হাসপাতালে পাঠানো হয়। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র তদন্তের খাতিরে নিজে ঘটনাস্থলে আসেন। মৃতদেহ উদ্ধারের জায়গাটি পুলিস ঘিরে রেখেছে। গোবরাছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মন বলেন, রসামনতা গ্রামে সকালবেলা জমিতে কাজে যাওয়ার সময় কৃষকরা এলাকার একটি শুকনো পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন তাঁরা দেখেছেন। দেহটি স্থানীয় কারও নয় বলে জানতে পেরেছি। এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ